কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে কাজী ইউসুফ হোসেন নামের এক রাইডারকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে এ ঘটনা ঘটে। তিনি কনকাপৈত ইউনিয়নের কনকাপৈত কাজী বাড়ির ব্যাংকার কাজী একরামের ছোট ভাই।
সোমবার (২৬ অক্টোবর) বিকালে স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার এ তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২-৩ দিন আগে কনকাপৈত স্কুল মাঠে বালু লোড-আনলোড নিয়ে বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারের ফারিহা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আবুল কালাম আজাদের মালিকানাধীন ট্রাক্টরের চালক আলিয়াছের সঙ্গে রাইডার কাজী মো. ইউসুফের বাকবিতন্ডার ঘটনা ঘটে।
এর জেরে সোমবার ভোরে কাজী মো. ইউসুফ রাইড শেয়ারিং করতে আমজাদের বাজার রাস্তার মাথায় গেলে ট্রাক্টরের চালক ইলিয়াছসহ তার লোকজন ইউসুফকে মারধর করেন। পরে স্থানীরা তাকে উদ্ধার করে বাড়ি পাঠালে তিনি বুকে ব্যাথা অনুভব করেন। পরবর্তীতে স্বজনরা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপেøক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত কাজী মো. ইউসুফ এলাকায় ইসলামী সংগীত শিল্পী হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে তিনি জীবিকার প্রয়োজনে মোটরসাইকেল রাইডার হিসেবে কাজ করতেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপেøক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুী বলেন, ইউসুফ হোসেন নামে অসুস্থ একজনকে স্বজনরা হাসপাতালে এনেছে। অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ট্রাক্টরে বালুর লোড-আনলোড নিয়ে কাজী ইউসুফ নামের এমজাদের বাজার এলাকার একজনের বাক বিতন্ডা হয়েছে। আজকে সকালে আমজাদের বাজার গেলে তার উপর হামলার ঘটনা ঘটে। তবে শুনেছি, হার্ট এটাকে মারা গেছে। তারপরও পুলিশ পাঠানো হয়েছে, পরে বিস্তারিত জানা যাবে।



