কুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মিছিলে নেতৃত্বদানকারী কাইয়ুমসহ ১৮ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) সকালে নতুন কুমিল্লাকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার।
আটক কাইয়ুম কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের খুতবা চলাকালে নগরীর নুরপুর-তেলিকোনা সড়কে এক ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলের পরপরই ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এতে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়। পরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ এক সঙ্গে অভিযান চালিয়ে মিছিলে নেতৃত্বদানকারী কাইয়ুমসহ ১৮ জনকে আটক করা হয়।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, কুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা মিছিল বের করেন। এরপর তাদের চিহ্নত করে শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নগরীতে অভিযান চালিয়ে কোতয়ালী থানা পুলিশ ১৬ জন এবং জেলা গোয়েন্দা পুলিশ ২ জনসহ মোট ১৮জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে দুপুরে কুমিল্লা আদালতে পাঠানো হবে।



