শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করতে আসমা আলী ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লার চৌদ্দগ্রামের দৌলতপুর আসমা আলী (স্বতন্ত্র) এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মেধাবৃত্তি এই পরীক্ষায় জেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ২১৬ জন শিক্ষার্থী অংশ নেয়।

বৃত্তি পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণের পর বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আলী। ছবি: নতুন কুমিল্লা
পরীক্ষা শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে স্কুল ব্যাগ ও জ্যামিতি বক্স তুলে দেওয়া হয়। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আলহাজ্ব নূর মিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আলীসহ পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আলী বলেন, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি পড়াশোনায় আগ্রহী করে তুলতেই আমাদের এ উদ্যোগ। প্রত্যন্ত অঞ্চলের অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে, যারা আর্থিক সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ থেকে বঞ্চিত হয়। আমরা চাই, এসব শিক্ষার্থী যেন নিজেদের মেধা ও যোগ্যতা বিকাশের সুযোগ পায়। শিক্ষার প্রসারে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

ফাউন্ডেশন সূত্র জানায়, আগামী ১৩ ডিসেম্বর বিকেলে মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পরে ১৬ ডিসেম্বর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থসহ প্রায় তিন লাখ টাকার শিক্ষাসামগ্রী বিতরণ করা হবে।
শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন আসমা আলী (স্বতন্ত্র) এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা রিজওয়ানুল করিম, হল সুপার ছিলেন নাঙ্গলকোট ঝিকটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মফিজুর রহমান। কেন্দ্র পরিদর্শন করেন আসমা আলী ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আয়াত আলী পেশকার, উপদেষ্টা সুলতান আহমেদ, সদস্য তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, মোঃ আব্দুর রউফ, মোঃ আইয়ুব আলী মজুমদার, মোঃ আবু তাহের ও সাংবাদিক জাহিদ পাটোয়ারী প্রমুখ।



