কুমিল্লার সদর দক্ষিণে বসতঘরে ডাকাতির ঘটনায় দায়ের করা প্রায় ১৯ বছর পুরোনো একটি মামলায় আট আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে একজনকে ১০ বছর এবং অপর সাতজনকে আট বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) কুমিল্লার যুগ্ম দায়রা আদালত-১২-এর বিচারক শেখ সাদী রহমান এ রায় ঘোষণা করেন।
সন্ধ্যায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আমানুর রহমান খান তারিফ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন মো. আবাদ মিয়া। আট বছর করে কারাদণ্ডপ্রাপ্ত অন্য সাতজন হলেন মো. রফিকুল ইসলাম, মনির হোসেন, মো. আবুল খায়ের ওরফে মনির, দুলাল মিয়া ওরফে দুলাল, মো. তাজুল ইসলাম, মজিবুর রহমান ও মো. আবদুর রহিম ওরফে রহিম। অপর আসামি কামাল হোসেনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামি মনির হোসেন, মজিবুর রহমান ও মো. তাজুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। খালাসপ্রাপ্ত কামাল হোসেনও কাঠগড়ায় ছিলেন। দণ্ডপ্রাপ্ত অপর পাঁচ আসামি পলাতক রয়েছেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১০ এপ্রিল গভীর রাতে সদর দক্ষিণ উপজেলার রাকাশের উত্তরপাড়া এলাকায় হারুন মজুমদারের বসতঘরে একদল ডাকাত হানা দেয়। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে ঘর থেকে আট ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, একটি টর্চলাইট ও একটি টেপ রেকর্ডার লুট করে নিয়ে যায় তারা।
এ ঘটনায় পরদিন ১১ এপ্রিল হারুন মজুমদার বাদী হয়ে সদর দক্ষিণ থানায় মামলা করেন। মামলায় আবাদ মিয়া, রফিকুল ইসলাম, মনির হোসেন, দুলাল মিয়াসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়।
মামলাটি তদন্ত করেন সদর দক্ষিণ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) রসুল আহমেদ নিজামী। তদন্তে বিভিন্ন তথ্য-উপাত্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় একাধিক আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে ২০০৭ সালের ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। পরে ২০০৮ সালের ২৯ এপ্রিল মজিবুর রহমান মজিবকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয় এবং তাঁর বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আমানুর রহমান খান তারিফ বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার একপর্যায়ে ২০১১ সালের ২১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
তিনি বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায়ের মধ্য দিয়ে ২০০৭ সালে সংঘটিত ডাকাতির ঘটনায় দায়ের করা মামলাটির বিচারিক নিষ্পত্তি হলো।



