কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বড় আলমপুর এলাকায় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। তার ব্যক্তিগত তহবিল থেকে ২২টি পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দিয়েছেন তিনি।
সম্প্রতি আয়োজিত এ সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আক্তার হোসেন মনু।
এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় ৬নং ওয়ার্ড সভাপতি খলিলুর রহমান, সেক্রেটারি মাহবুবুর রহমান, বায়তুলমাল সম্পাদক মু. ফারুক, শাকিল, সায়েম, রিয়াদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন বলেন, ‘আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি মাত্র। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসেন, তাহলে আমার আদর্শ সদর উপজেলায় কোনো অসহায় মানুষ অভাব-অনটনে পড়ে থাকবে না।’
তিনি আরও বলেন, ‘জীবনের সবটুকু সময় মানুষের কল্যাণে ব্যয় করার চেষ্টা করেছি। বাকি জীবনটাও সাধারণ মানুষের সঙ্গে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে কাটিয়ে দিতে চাই। আপনারা আমার পাশে থাকলে আদর্শ সদর উপজেলাকে নতুন করে সাজিয়ে তুলবো ইনশাআল্লাহ।’



