বিপ্লব ও সংহতি দিবসকে ঘিরে কুমিল্লার দেবিদ্বারে বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ও শোডাউন করেছে দুইপক্ষ। এ সময় জাতীয় সংসদের সংরক্ষিত ৩০৩ আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে। রোববার (৮ নভেম্বর) দেবিদ্বার পৌর সভার নিউ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপি ও স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে বিকালে নিউ মার্কেট চত্ত্বরে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহবায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত ৩০৩ আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আবুল হাসেম, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাইদুর রহমান লিটন ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক এমএ আউয়াল খানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
অপর দিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যারিষ্টার রেজবিউল আহসান মুন্সী ও সাবেক সদস্য সচিব এএফএম তারেক মুন্সীর নেতৃত্বে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয় দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। বিএনপির দুই গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে দিনব্যাপী উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করে। উপজেলা বিএনপির সমাবেশ শেষে একটি মিছিল উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
এদিকে ব্যারিষ্টার রেজবিউল আহসান মুন্সী ও এএফএম তারেক মুন্সীর নেতৃত্বে সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে এগিয়ে যায়। ওই সময় সংরক্ষিত সংসদ সদস্য রাশেদা বেগম হীরা এবং অন্যান্য অতিথিরা উপজেলা চত্বর ছেড়ে চলে যাওয়ার পথে কালাচাঁন মার্কেটের সামনে উভয় পক্ষ মুখমুখি হলে উত্তেজনা তৈরি হয়। এ সময় রাশেদা বেগম হীরার গাড়িতে হাত দিয়ে আঘাত করে এবং আপত্তিকর শ্লোগান দিতে থাকে একটি পক্ষ। এ সময় গাড়িবহরে থাকা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও তিতুমীর কলেজের সাবেক জিএস এমএ আউয়াল খানের গাড়ি ভাংচুর করেন।
এ বিষয়ে এম এ আউয়াল খান বলেন, আমরা প্রোগ্রাম শেষ করে ফিরে আশার পথে কালাচাঁন মার্কেটের সামনে তাদের সামনে পড়ি। ওই সময় তারা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপি ও সংরক্ষিত এমপি রাশেদা বেগম হীরা আপাকে নিয়ে আপত্তিকর মিছিল দিতে থাকে। তখন আমাদের নেতাকর্মীরা এমন আপত্তিকর মিছিল দিতে নিষেধ করলে তারা আমাদের গাড়িবহরে হামলা চালায় এবং আমার গাড়ি ভাংচুর করে। এতে নেতৃত্ব দেন এএফএম তারেক মুন্সী নিজেই।
অভিযোগের বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে আমাদের জানা নাই, অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহিন।
সংসদ সদস্য রাশেদা বেগম হীরা বলেন, আমরা সুন্দরভাবে প্রোগ্রাম শেষে ফিরার পথে একটি অনাকাংক্ষিত ঘটনা ঘঠে। সংগঠনের প্রোগ্রামকে ঘিরে যারা ভীতি প্রদর্শন করতে চায় আমরা কি তাদের দলের লোক মনে করবো? তাদের যদি কোন অভিযোগ থাকতো তাহলে তারা আমাদের সাথে কথা বলতে পারতো। আওয়ামী লীগের মত এসে আক্রমন করা, মনে হচ্ছে যেন তারা তাদেরই প্রতিনিধিত্ব (আওয়ামী লীগ) করছে। এ সময় তারা আমাদের গাড়িগুলোতে আঘাত করে এবং সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়ার নাম ধরে গালাগালি করেছে। পরে পুলিশ আমাদের নিরাপত্তা দিয়ে নিয়ে এসেছে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মরিুজ্জামান বলেন, কুমিল্লা-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত এমপি রাশেদা বেগম হীরা প্রোগ্রাম শেষে চলে যাওয়ার সময় দুই পক্ষ মুখোমুখি হয়ে গেলে উত্তেজনা তৈরি হয়। এ সময় এমএ আউয়াল খানের গাড়ির গ্লাস ভাংচুর হয়। আমরা তাৎক্ষণিক তাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাই। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



