ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে নির্বাচিত হয়ে ষষ্ঠবারের মতো সংসদে যাচ্ছেন সাবেক পাঁচবারের সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিপক্ষকে অর্ধ লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে নিজের শ্রেষ্ঠত্ব অক্ষুন্ন রেখেছেন কায়কোবাদ। তিনি পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ২৫১ ভোট। তার প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর ইউসুফ সোহেল পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট। এর আগে কায়কোবাদ ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০২ সালের ৩ আগস্ট থেকে ২০০৩ সালের ১ জুলাই পর্যন্ত তিনি ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ভোটাররা জানান, বিগত সময়ে এই আসনে উন্নয়ন মুলক বিভিন্ন কর্মকাণ্ড বিবেচনায় এবারও কায়কোবাদকে জনপ্রতিনিধি বানাতে ভোট দিয়েছেন। যার কারণে তিনি জীবনের পড়ন্ত বেলায়ও সংসদ সদস্য নিবার্চিত হয়েছেন।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মুরাদনগরে একজন জনপ্রিয় ও জনসাধারণের নেতা। তিনি সারাদেশে কয়েকজন জনপ্রিয় নেতার মধ্যে অন্যতম। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মোট ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি যতদিন বেঁচে থাকেন মুরাদনগরে অপ্রতিরোধ্য হিসেবেই থাকবেন বলে আমি মনে করি। তার জন্য মহান আল্লাহর কাছে নেক হায়াত কামনা করছি।



