কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুল অদুদ নামে এক ব্যক্তির স্ত্রী-সন্তান ও ভিটা বাড়ি দখলে নেয়ার অভিযোগ নিজ ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার মিয়া বাজার এলকায় সংবাদ সম্মেলনের আয়োজন করে তিনি এই অভিযোগ করেন।
ভুক্তভোগী আবদুল অদুদ উপজেলার মিয়া বাজার জগমোহনপুর গ্রামের আবুল বাশারের ছেলে। অভিযুক্ত আবদুল কুদ্দুস তার সৎ ভাই।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল অদুদ বলেন, আমি ৭ বৎসর প্রবাসে ছিলাম। ওই সময় আমার সৎ ভাই কুদ্দুসের কাছে দেশে টাকা-পয়সা পাঠাতাম। আমার মা-বোন স্ত্রী এবং দুই সন্তান বাড়িতে ছিল। আমার পাঠানো টাকা দিয়ে সে বাড়িঘর করেছে। যখন শুনেছে আমি বিদেশ থেকে চলে আসবো তখন কুদ্দুস আমার বউয়ের সঙ্গে পরকীয়া করে দুই সন্তান নিয়ে পালিয়ে যায়। পরে আমাকে হুমকী দিয়ে বলে ভিটা বাড়ি দখল করে আমাকে নিঃশ্ব করে কেরে দিবে। এক পর্যায়ে আমার পৈতৃক সম্পত্তিও তার দখলে নিয়ে যায়। দখলকৃত পৈতৃক জায়গা ফিরে পেতে তিনি প্রশাসন সহ দেশবাসীর সহযোগীতা কামনা করেছেন।
তিনি আরো বলেন, আমার ভাইয়ের সাথে স্থানীয় চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ী থাকেন। তারা এখন আমাকে প্রাণনাশের হুমকী প্রদান করে আসছে। এইসব বিষয় আমি চৌদ্দগ্রাম থানার ওসিকে অবহত করেছি।
সংবাদ সম্মেলনে আবদুল অদুদের বোন মাজেদা আক্তার, সাজু বেগম ও ভাগিনা শুভ উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে জানতে আবদুল কুদ্দুসেকে একাধিকবার ফোনকরা হলেও তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



