মহান মুক্তিযদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও সাম্যের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বেতিয়ারার বীর শহীদদের স্মরণে তাদের স্মৃতির প্রতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কুমিল্লা জেলা সংসদের শ্রদ্ধা নিবেদন। ঐতিহাসিক কুমিল্লা বেতিয়ারা শহিদ দিবসে অসাম্প্রদায়িক চেতনায় সমাজ গঠনের ডাক কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের।
বুধবার (১১ নভেম্বর) ঐতিহাসিক বেতিয়ারা শহিদ দিবসে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের বেতিয়ারা নামক স্থানে জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছাত্রনেতা দীপ্ত দেবনাথের নেতৃত্বে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।
১৯৭১সালের মহান মুক্তিযুদ্ধে ন্যাপ, কমিউনিষ্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন যৌথভাবে প্রায় ২০হাজার সদস্যের বিশেষ গেরিলা বাহিনী গঠন করেছিল। এই গেরিলা বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সাহস ও বীরত্বের সাথে লড়াই করেছে।
১৯৭১ সালের ১১ নভেম্বর, ন্যাপ-কমিউনিষ্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর একটি প্রশিক্ষিত দল কুমিল্লার চৌদ্দগ্রামের বেতিয়ারায় পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে বীরত্বের সাথে লড়াই গড়ে তোলে। সেই লড়াইয়ে গেরিলা বাহিনীর ৯ জন শহীদ হন।
শহীদ নিজামউদ্দিন আজাদ, শহীদ সিরাজুম মুনীর জাহাঙ্গীর, শহীদ বশিরুল ইসলাম (বশির মাস্টার), শহীদ শহীদুল্লাহ্ সাউদ, শহীদ আবদুল কাইউম, শহীদ আওলাদ হোসেন, শহীদ আবদুল কাদের, শহীদ মোহাম্মদ শফিউল্লাহ, শহীদ জহিরুল হক ভুঁইয়া (দুদু মিয়া)।
সকল শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপ্ত দেবনাথ বলেন, বেতিয়ারা শহিদদের স্বপ্নসাধ এখনো বাস্তবায়ন হয়নি, স্বাধীনতার ৫৪বছর পর আজকে মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করা হয়, ৭২’র সংবিধানের চার মূলনীতিকে বাদ দিয়ে দিতে চায়, কিন্তু আমরা তা কোনোভাবেই হতে দেবো না। এখন সাম্প্রদায়িক অপশক্তি তীব্রভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, বেতিয়ারার এই বীর শহিদদের স্বপ্ন ছিলো অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সাম্যের সমাজ তথা রাস্ট্রের কিন্তু আমরা তা এখনো বাস্তবায়ন করতে পারিনি। ঐতিহাসিক কুমিল্লা বেতিয়ারা শহিদ দিবসে আমাদের অঙ্গীকার তাদের অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো এবং দেশপ্রেমিক প্রগতিশীল সকল ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।



