কুমিল্লার লাকসাম উপজেলার তপইয়া মৈয়ুরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ২১০ চক্ষু রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়।ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
এসময় ৬০জন চক্ষু রোগীকে চশমার জন্য পরামর্শ প্রদান করা হয়।এছাড়াও চক্ষু ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ৪৫জন চক্ষু রোগীকে আলেখারচরে অবস্থিত বিকো ও চক্ষু হাসপাতালে ছানি অপারেশন করার জন্য আনা হয়েছে।চক্ষু চিকিৎসা ক্যাম্পে আসা আবদুল লতিফ, কামাল হোসেন ও জামিলা খাতুন জানান, তারা হতদরিদ্র মানুষ। অনেক দিন চোখের সমস্যায় ভুগছেন।
চোখে স্পষ্ট দেখতে পান না আবার চিকিৎসা করার সামর্থ্যও নেই। তারা সুযোগ পেয়েছেন চোখের ছানি অপারেশনের। বিনামূল্যে এই চিকিৎসার সুযোগ পেয়ে তারা খুশি।চক্ষু চিকিৎসা ক্যাম্পটির আয়োজন করেন উত্তরদা তপইয়া মৈয়রুন্নেছা সরকারি বিদ্যালয় পরিচালনা কমিটি এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা।
চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সভাপতি আইনজীবী আ হ ম তাইফুর আলম, সহ সভাপতি আবুল হাসানাত বাবুল, সাধারণ সম্পাদক ডা. এ কে এম আব্দুস সেলিম, প্রোগ্রাম অফিসার মোহাম্মদ দেলেয়ার হোসেন, তপইয়া মৈয়রুন্নেছা সরকারি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন মোল্লা, সহ সভাপতি মাইন উদ্দিন,প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার,শিক্ষানুরাগী ইমাম হাসান,আবদুল ওয়াদুদ খোকন ও অহিদুল ইসলাম প্রমুখ।



