কুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার কটকবাজার এলাকায় এ অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ নতুন কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বিজিবি বিবিরবাজার শাহাপুর পোস্টের একটি টহল দল কটকবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুরোনো প্লাস্টিকের একটি বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিনের বিষয়ে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অস্ত্র ও মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত দিয়ে যাতে অবৈধ অস্ত্র ও অন্যান্য চোরাচালানি পণ্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।



