স্থানীয় সরকার নির্বাচনে ‘প্রার্থী দিলে নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না’ বলে প্রতিপক্ষকে কঠোর হুমকি দিয়েছেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার। বিতর্কিত এই মন্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
এর আগে গত শনিবার (৩১ অক্টোবর) নাঙ্গলকোট উপজেলার হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ভাইরাল ভিডিওতে মোবাশ্বের আলম ভূঁইয়াকে বলতে শুনা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার ও চেয়ারম্যান প্রার্থী দিবেন, নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না। মেম্বার, চেয়ারম্যান নির্বাচিত করে এমপি, এটা এমপির দায়িত্ব। মনোনয়ন দিবে এমপি, তবে মনোনয়ন এমপি এককভাবে দিবে না। স্ব স্ব ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে বসে আলাপ-আলোচনার মাধ্যমে কানা-আন্ধা যারে দিব, সেই যোগ্য। কোনো আওয়াজ করা যাবে না, ভাই হেতে অযোগ্য, হেতেরে এমপি সিদ্ধান্ত দিছেন তোমাদেরকে নিয়ে, এটাই তার যোগ্যতা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না। দলের শৃঙ্খলা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে সোমবার (২ নভেম্বর) সকালে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া নতুন কুমিল্লাকে বলেন, যারা দলের শৃঙ্খলা নষ্ট করে বিদ্রোহী প্রার্থী দেবে বলে নেতা–কর্মীদের উসকানিমূলক কথা বলছেন, তাদের উদ্দেশে আমি এই কথা বলেছি। স্থানীয় সরকারের নির্বাচনে দলীয় সমর্থনের বাইরে কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল-সমর্থিত প্রার্থীর বিজয়ী হওয়া কঠিন হয়ে পড়ে। এ কারণে নির্বাচনী এলাকার দুটি উপজেলার প্রতিটি ইউনিয়নে নেতা–কর্মীদের সঙ্গে আলোচনা করে দল-সমর্থিত প্রার্থী ঠিক করা হবে। এককভাবে কাউকে মনোনয়ন দেব, এমন কথা বলিনি।



