কুমিল্লার সদর দক্ষিণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া দেশীয় অস্ত্রসহ কিশোরদের একটি ভিডিওর সূত্র ধরে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (১ নভেম্বর) সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে ইয়াছিন আহমেদ আকাশ (১৭), বরুড়া উপজেলার এগারো গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. শাওন (১৯), নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর গ্রামের কালা মিয়ার ছেলে মো. হাবিব (১৭) এবং কুমিল্লার লালমাই উপজেলার ফারবাইন মসজিদবাড়ি এলাকার মনির হোসেনের ছেলে মো. হাবিব (১৭)।
শনিবার দিবাগত রাতের অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির আওতাধীন টমছম ব্রিজ এলাকার একটি পরিত্যক্ত ভবনের ছাদে দেশীয় অস্ত্রসহ ৮ থেকে ১০ জনের একটি দলের অবস্থানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলা পুলিশের নজরে এলে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি বিশেষ দল ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্তের চেষ্টা চালায়। পরে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চারজনকে আটক করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



