কুমিল্লার চৌদ্দগ্রামে নতুন ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা দক্ষিণপাড়া মিয়াজী বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।
রোববার (১ নভেম্বর) রাতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন নতুন কুমিল্লাকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, দেড়কোটা দক্ষিণপাড়া মিয়াজী বাড়ির পাশে ভিটি জমিতে নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য মাটি কাটার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় মাটির গর্ত খুঁড়তে গিয়ে শ্রমিকদের কোদালের আঘাতে শক্ত ধাতব একটি বস্তু বেরিয়ে আসে। পরে সেটি মর্টার শেলের মতো দেখতে মনে হলে শ্রমিকরা বিষয়টি জমির মালিক মাস্টার সৈয়দ আহামদকে জানান। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মর্টার শেলটি ঘিরে রেখেছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা ও নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ (বোম ডিসপোজাল) টিমকে খবর পাঠানো হয়েছে। বিশেষজ্ঞ দল পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিধি অনুযায়ী বস্তুটি নিষ্ক্রিয় করা হবে।




