কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। দুই দিনের সাঁড়াশি অভিযানে জেলার ১৮টি থানা এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. লুৎফর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, নাশকতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশের পক্ষ থেকে একযোগে বিশেষ অভিযান শুরু করা হয়। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে কোনো ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশ নিতে না পারে এবং জননিরাপত্তা ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এসপি মো. লুৎফর রহমান আরও বলেন, ১০ নভেম্বর রাতে পরিচালিত অভিযানে ৪২ জনকে গ্রেফতার করা হয়। পরদিন ১১ নভেম্বর রাতে দ্বিতীয় দফার অভিযানে গ্রেফতার করা হয় আরও ৫৬ জনকে। দুই দিনের অভিযানে সর্বমোট ৯৮ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
অপরাধমূলক কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে কুমিল্লার ১৮ থানায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।



