কুমিল্লা
শনিবার,৩১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ মাঘ, ১৪৩২ | ১১ শাবান, ১৪৪৭
শিরোনাম:

আদালতে যাওয়ার পথে কুমিল্লায় ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

নিহত ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন শাকিল, বামে তার ফাইল ছবি/ নতুন কুমিল্লা

চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জামাল উদ্দিনের প্রাণনাশের আশঙ্কা মামলার স্বাক্ষী ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন শাকিলকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মামলার প্রধান আসামী সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুর ভাতিজা আবদুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী সোমবার (৮ অক্টোবর) সকালে তার উপর হামলা চালায় বলে জানা গেছে।

নিহত ছাত্রলীগ নেতা শাকিল উপজেলার কুলাসার গ্রামের ছালেহ আহাম্মদ প্রকাশ বধু মিয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।

আলকরা ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক হেলাল বিকেলে নতুন কুমিল্লাকে ছাত্রলীগ নেতা শাকিলের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল ৮ টার দিকে ছাত্রলীগ নেতা শাকিল ফেনী থেকে মদিনা বাসযোগে কুমিল্লার আদালতে স্বাক্ষী দিতে যাচ্ছিলেন।পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাথায় পূর্ব থেকে ওৎপেতে থাকা স্থানীয় সন্ত্রাসী আবদুর রহমান ও আলমের নেতৃত্বে আমির হোসেন, শুভ, রিয়াজ, কফিল উদ্দিন, বাহাদুর ও ইকবালসহ ৮-১০ জনের একটি দল জোরপূর্বক তাকে বাস থেকে মুখে গামছা বেঁধে নামায়।

এরপর মাইক্রোবাসে করে ফেনীর শর্শদি দীঘির পাড়ে নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা শাকিলকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ের শাকিলকে মৃত ভেবে সন্ত্রাসীরা ফেলে চলে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন শাকিলকে উদ্ধার শেষে ফেনী সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে আলকরা ইউপির সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু নতুন কুমিল্লাকে বলেন, ‘আমি সকালে একটি মামলায় হাজিরা দিতে কুমিল্লায় চলে আসি। হাজিরা শেষে দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করি। শুনেছি-ছাত্রলীগের এক ছেলেকে প্রতিপক্ষের লোকজন মারধর করেছে। আমাকে ফাঁসানোর জন্য স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করছে বলেও তিনি দাবি করেন’।

চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম সাইফ নতুন কুমিল্লাকে বলেন, ‘আমরা এখনও ঘটনাটি সম্পর্কে সঠিকভাবে অবগত হইনি। বিস্তারিত জেনে পরে জানানো হবে’।

আরও পড়ুন