কুমিল্লার মুরাদনগরে রেলস্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত প্রস্তাবিত ৮১ কিলোমিটার দীর্ঘ রেলপথে তিতাস ও দেবিদ্বারে স্টেশন স্থাপনের পরিকল্পনা থাকলেও জনবহুল ও ঐতিহ্যবাহী মুরাদনগরকে বাদ দেওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, এত বড় একটি উন্নয়ন প্রকল্পে মুরাদনগরকে উপেক্ষা করা হলে রেল যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত হবে এ অঞ্চলের বিপুল জনগোষ্ঠী।
মঙ্গলবার (৩ নভেম্বর) মুরাদনগরে আয়োজিত এক মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তরা বলেন, রেল যোগাযোগ একটি এলাকার অর্থনৈতিক, সামাজিক ও বাণিজ্যিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ, ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় জনপদ মুরাদনগরকে প্রস্তাবিত রেলপথের স্টেশন পরিকল্পনায় অন্তর্ভুক্ত না করা অত্যন্ত হতাশাজনক।
জানা গেছে, রেলপথ মন্ত্রণালয়ের অধীনে শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত প্রায় ৮১ কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। পুরো রেলপথটি উড়ালপথে (এলিভেটেড) নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এতে তিতাস ও দেবিদ্বারে রেলস্টেশন স্থাপনের প্রস্তাব থাকলেও মুরাদনগরের নাম না থাকায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
মানববন্ধনে বক্তাব্য রাখেন দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির সভাপতি মো. রেজাউল করিম, সমিতির সহসভাপতি আব্দুল আজিজ মোল্লা, বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সিরাজুল ইসলাম কাইয়ুম, নির্বাহী সদস্য একেএম কায়েস প্রমুখ।




