কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কুউক) গঠনের পর প্রথমবারের মতো ১১টি ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়েছে। আবেদনের এক মাসের মধ্যেই কোনো ধরনের ভোগান্তি ও বাড়তি অর্থ ব্যয় ছাড়াই অনুমোদন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভবন মালিকরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত নকশার কপি আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হয়।
চলতি বছরের মে মাসে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর এটিই প্রথম নকশা অনুমোদনবিষয়ক সভা। এতে সভাপতিত্ব করেন কউকের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।
কুউকের চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, এখন থেকে প্রতি মাসে অন্তত একবার নকশা অনুমোদনবিষয়ক সভা অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের কোনো ধরনের ভোগান্তিতে না ফেলে নিয়ম অনুযায়ী নকশার অনুমোদন দেওয়া হবে।
এ সময় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার মো. শাখাওয়াত হোসেন খান, সহকারী অথরাইজড অফিসার ও তথ্য কর্মকর্তা প্রকৌশলী শরিফুল হক এবং আবেদনকারীরা উপস্থিত ছিলেন।



